www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতির জন্য যতটুকু দরকার

সন্ধ্যার আঁধার
রাত্রিকে ছুঁবে বলেই
যাত্রা ছিল অসময়ের
অচেনা আঙ্গিনায়।

স্পষ্ট আলো
চোখের দেখায় থাকে,
বাইরেটা তার
যতই আঁধার হোক।

নীরবতার এক ধরণের
পরিচয় আছে,
কেবল কোলাহলেই যার
দেখা মেলে।

নিঃশব্দ সে ভাষা
চোখের তারায় থাকে,
বাইরেটা তার
যতই গুঞ্জনে ভরা হোক।

যেখানে নিঃশ্বাসের সুবাসও
হাওয়ায় মেলায় -
কাঁপন লাগে নিঝুম রাত্রির,
সেখানেও লুকোনো
হাসি আছে এক।

ঠোঁটের ওপারে লুকোনো
মুহূর্ত বলে দেয়
যা কিছু চেনা ছিল
ঠিক জানা ছিল না
তার সবটুকু।

স্মৃতির জন্য যতটুকু দরকার
ততটুকুই থাক তোমার কাছে।
বাকিটা সাজানো থাক
সুসময়ের অদেখা কোনো অঙ্গনে।

অচেনা আঙ্গিনা একদিন চেনা হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৩/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast