তুমি আমার হৃদয় মাঝে চিরদিন থাক
যেমন ছিলে আমার চোখে প্রথম যখন
পড়েছিল তোমার চোখের আলো।
সেদিন ছিলে হাসিমাখা হৃদয়ভরা নদী,
স্রোতে তোমার জীবন আমার
ভেসেছিল উচ্ছ্বলতায় নিরবধি।
ছিলে তুমি আলোর ছটা আমার আকাশ জুড়ে,
তোমার কিরণধারার পরশেতে
আমার আশালতা উচ্ছ্বাসেতে উঠেছিল বেড়ে।
বাঁধন-বিধান ছিল নাকো ছিলাম শুধু তুমি-আমি
অরূপ এই বিশ্বজগৎ ছিল তোমার-আমার লীলাভূমি!
কালের ছোয়ায় বদল কত হবে,
তবু প্রথম দিনের সেই সুরেতে দিনেরাতে
তুমি আমায় সকল সময় তেমনি সদা ডাক।
Comments (10)