আলো জ্বলে
নিভে যাবার জন্যই।

জলের উপর যে
চাঁদের ছায়া পড়ে,
তাও থাকে
হঠাৎ মিলিয়ে যাবার জন্যই।

চলে না গেলে বোধ হয়
কোনো ভাবেই আর
থেকে যাওয়া যায় না।

আবার আলো জ্বলে
আলো আঁধারি ফিরে আসে।
সরে যাওয়া চাঁদ
আবার দেখা দেয়।

ফিরে না আসলে বোধ হয়
চলে যাওয়াটাও সম্পূর্ণ হয় না।

এই আলো আঁধারি
আর জলের ছায়ায়
তুমি, আমি আর আমরা
কতটা অবাক হয়ে দেখি -
যেভাবেই চলে যাই
আর যেভাবেই ফিরে আসি,
পূর্ণতা নিয়ে জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।

মনে রাখি এই সব, ভুলে যাবারই জন্য।
আবার ভুলে যাই এই সব, মনে পড়ারই জন্য।  
পূর্ণতা নিয়ে তবু জীবন ঠিকই দাঁড়িয়ে থাকে।


(ইংল্যান্ড, ২০১৬)