অতীত, বর্তমান আর
ভবিষ্যতের ভাঁজে ভাঁজে
যে সময়গুলো লুকিয়ে থাকে,
তাদের কি নাম দেয়া যায়?

যা না ছিল, না আছে,
না থাকবে।

সে গল্প না আগের,
না এখনকার, না পরের।

ধোঁয়ার মতোই হালকা
চোখের দেখা শুধু
যা কখনোই
চোখের সামনে, পেছনে
বা মধ্যেখানে আসেনি।  

চেনা পরিচয় হতে না হতেই
অন্য কোথাও থেকে এসে
একটু করে ছুঁয়ে দিয়ে
চলে যায়,
কিছু বুঝতে না বুঝতেই।
জমা হয় কোথাও না কোথাও
ফিরে গিয়ে।
জল, স্থল আর আকাশের
বাইরে অন্য কোনো খানে।  

অনেক যত্ন করে রেখে দেয়া
ঠিকানা ইচ্ছে করেই হঠাৎ
হারিয়ে ফেলার মতোই
যেন সবকিছুই হারিয়ে যায়।  

নাম হারিয়ে যায়,
শিরোনাম হারিয়ে যায়।  
ধোঁয়া ধোঁয়া চোখের দেখা
হারিয়ে যায়।  
নামবিহীন সেইসব সময়ের
সাথে সাথে মুহূর্তগুলো
হারিয়ে যায়।  
স্পর্শ হারিয়ে যায়।

অনুভূতির সীমানাগুলোও
সব হারিয়ে যায় -
না এখানে, না ওখানে
না সেখানে।

ভাঁজে ভাঁজে তবু
কি যেন একটা রয়েই যায়।  
না অতীত, না বর্তমান
না ভবিষ্যত।

কি নাম দেয়া যায় তার?