www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর একটু হলেই

পরের প্রধানমন্ত্রী,
দেশ যন্ত্রের যন্ত্রী
কে যে হবেন বলতে পারেন
মশায় ষড়যন্ত্রী?

ষড়যন্ত্রী হেসে,
আরাম করে বসে,
বলল জেনো বলছি তোমায়
শুধুই ভালবেসে।

মন্ত্রী ম্যাটার নয়,
ও তো কেউ একজন হয়,
হুকুম তামিল করলে বলি
ভেরি ভেরি গুড বয়।

অল্প বুদ্ধির ফলে
বিপথে সে গেলে,
ঝপাৎ করে উল্টে ফেলি
বিসর্জনের জলে।

এই যে যত দল,
দূর্বল কি সবল
মোদের সাথে পারবে না সে
জানি হাজার ছল!

চমকে উঠি শুনে,
যত গোপন কথা জেনে
প্রকাশ এসব করবনা আর
অন্য কোনখানে।

ষড়যন্ত্রীর চ্যালা,
আর যত সব প্যালা
বলল মোদের মন্ত্র হল
যত পারিস খেলা।

যেই পড়ছি সরে
হুজুর থেকে দূরে
হুজুর বলেন দাও একটু
ওকেও মালিশ করে।

আতংকে বুক কাঁপে,
শালা আমায় বুঝি ঝাঁপে!
শরীর আমার থরো থরো
শংকার হিম তাপে।

ঘুমটি ভেঙ্গে গেল
ধড়েতে প্রাণ এলো
আর একটু হলেই স্বপ্ন আমায়
উল্টো মেরেছিল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast