তোমরা এখন বমি করছো
সাইয়িদ রফিকুল হক
তোমরা এখন বমি করছো দিনে-রাতে
তার নাম দিয়েছো আবার কবিতা!
জাত-মান সবই গেল আজ কাব্যজগতের,
তোমাদের অত্যাচারে সাহিত্য আজ কাঁদে,
আর তোমরা হাসো কুৎসিত চেহারা দেখিয়ে!
কবিতা খুঁজে-খুঁজে হয়রান হচ্ছি কত
তবুও দেখা পাই না একটা আস্ত কবিতার!
তোমাদের ভিতরে যে-সব ময়লাআবর্জনা আছে
তাই আজ ঢেলে দিচ্ছো কবিতার খামারে,
দিনে-রাতে কত কবিতা যে ফোটাও তোমরা!
তোমাদের মন এখন কবিতার আঁতুড়ঘর যেন
প্রতিদিন জন্ম দিচ্ছো শয়ে-শয়ে কবিতা।
মনে রেখো, তোমরা পাতি-কাক হতে পারো
কিন্তু কখনো অনিন্দ্য সুন্দর ময়ূর হতে পারবে না।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৬/২০২২
Comments (4)