বইমেলাতে যাচ্ছি না
সাইয়িদ রফিকুল হক
বইমেলাতে যাচ্ছি নাকো—নাই যে লেখক ভালো,
বিকৃতলোকের নষ্ট কিতাব করবে নাতো হৃদয় আলো।
সবখানে আজ লোকদেখানো—আরও আছে হ্যাংলামি,
বইপ্রকাশেও সোনার দেশে হচ্ছে ভীষণ ছ্যাবলামি!
অর্থলোভী পিশাচগুলো করছে শুধু টাকার হিসাব,
দেশদরদী মানুষ নাইরে—বাড়ছে এখন পশুর স্বভাব!
পশুগুলো ব্যবসা বোঝে—আর বোঝে না শিল্পকলা,
বইপ্রকাশে মূর্খগুলো করছে শুধু ছলা-কলা।
জ্ঞানের নামে চলছে এখন দেশজুড়ে ভাই বজ্জাতি,
এই পাপীদের স্বার্থভিড়ে কেমনে পাবো সৎজাতি?
বইমেলাতে যাচ্ছি নাকো—সব যে এখন লোকদেখানো,
আসল জ্ঞানের খবর নাইরে—চারপাশে সব মনভুলানো।
সাইয়িদ রফিকুল হক
১১/০২/২০২০
Comments (5)