মদনটাকে ধরতে পারলে
সাইয়িদ রফিকুল হক
মদনটাকে ধরতে পারলে
দিতাম একটা ছ্যাঁচা,
প্রেমপত্রের হাতের লেখা
ভীষণরকম কাঁচা!
ভুলবানানের ছড়াছড়ি
প্রেমটা নাকি খাঁটি!
প্রেমের চিঠি পড়ে দেখি
ভাষার জীবন মাটি!
মূর্খগুলোর পড়ালেখা
নাইতো এখন কিছু,
খুব সাহসে নিচ্ছে এরা
অনেক মেয়ের পিছু!
মদনগুলোর চেহারাটা
অনেক ঘষা-মাজা,
ভিতরে যে মৃত এরা
বাইরে শুধু তাজা।
মদনটাকে ধরতে পারলে
দিতাম ভীষণ রদ্দা,
এই দুনিয়ায় হ্যাংলাগুলোর
নাই যে চোখের পর্দা!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০১৯
Comments (4)