প্রায় একটা দিন
গাছের কাছে ছিলাম।
পাতায় পাতায় ছন্দ ছিল,
শব্দে ছিল মায়া
ডালপালাতে বসতো পাখি
মাখতো গায়ে ছায়া।
থাকতাম তো অনেক দূরে
আসতো উড়ে পাতা,
এক-আধটুকু আদর পেয়েই
উঠতো ভরে খাতা।
হঠাৎ সে গাছ এমন দিনে
ডাকলো নিজের কাছে,
পৌঁছে দেখি এখন বড়ো
একলা হয়ে আছে।
ডালপালা তার হাত ছেড়েছে
বেয়াড়া এক ঝড়ে
কাঠের গুঁড়ি ঠায় দাঁড়িয়ে
কেঁদেছে অন্দরে।
প্রায় একটা দিন
গাছের কাছে ছিলাম,
একলা হয়েও আগলে রাখার
শিক্ষাটুকু নিলাম।
Comments (6)