নেকড়ের আবিল থাবায় ক্ষতবিক্ষত তোমার গাত্র |
রক্তের তাজা লাল শুষে নেয় তৃষ্ণার্ত মরুভূমি |
কাবার ঐতিহ্যকে কিছু মানুষ করেছে ভূলুন্ঠিত |
অশান্তির বারি ধারা কাঁদায় বধ্যভূমি |

ভালোরা বিপন্ন আজ এই বিশ্বচরাচরে-
সন্দেহের আঁচ থেকে বাদ পড়ে নি কেউ |
অন্ধকে বন্দুক দিলে সে এলোপাথারি গুলি ছোঁড়ে |
বিজ্ঞানের আলোয় ধর্মকে না বুঝলে, বুকে ওঠে গোঁড়ামির উশৃঙ্খল ঢেউ |

মানব ইতিহাসে আজ মানবিকতা ফেরায় মুখ |
শত আয়লান কুর্দির কবরে পচে মারণ অসুখ |

বালি তুলি যত রে ভাই, পাবো না তো জীবন-
চোরা বালির মরণ ফাঁদ বেঁধেছে দেহমন |