ভরে আছে চারিধার শ্রাবণ আঁধারে,
জলধারার বিরামহীন বরষণে
ভাবনা সকল মিশে গেল অনুভবে,
প্রাণের ছোয়ায় স্মৃতিরা সব
ফিরে আসে উতাল সমীরণে।

কোথায় তারা ছিল এতদিন?
দিবস-রাতে আভাস-আশায়
বনবাসে ঝর্ণাধারায়
ছলছলিয়ে কলকলিয়ে
চলেছিল সাঝের বেলায়,
রঙিন মেঘের ছায়া ঘেঁসে
মনের ছায়ায় ভালোবাসায়
ঐ দিগন্তে ছিলো মিশে।

ছুটি পেল আজকে তারা।
ঝর ঝর বাদল ধারা
ডাকলো তাদের অঝোর ঝরায়।
মনের বনের মাঠ পেরিয়ে
সকল স্মৃতি মিশল এসে
আঁধার ঘরের কোণে
বর্ষা সুরের মাদক রেশে।