আগুনভরা মুখে

রূপ দেখে তোর কেউ ভোলে না এমন ভাবনা কেন?
চিরদিন কি রূপ থাকে রে এসব কথাও জেনো!
ঝরাপাতার রূপ থাকে না সব ঝরে যায় চুপে,
রূপ ফুরালে তুইও পাগলি থাকবি আঁধার কূপে!
কতজনের কত রূপের দেখছি কত বড়াই!
দিন ফুরালে দেমাগরাণীর থেমে যাবে লড়াই।
বুকের ভিতর আগুন নিয়ে কে ফোটাবে গোলাপ?
গরলমুখে গান হয় না তো―শুনবে কান্না-বিলাপ!
রূপ দেখে তোর মন ভরে না―দিন কাটে না সুখে,
শত চেষ্টায় সুর ঝরে না আগুনভরা মুখে।