ওরা একই মায়ের পেটের বোন।
বাবাকে চোখে দেখেনি,
জন্মের আগেই উধাও।
ওরা যখন নিজেরা খাবার জোগাড় করতে শিখলো,
ওদের মাও ওদের ছেড়ে চলে গেল।
এটাই ওদের জীবনের নিয়ম-
তারও কোনো খোঁজ নেই।

ওরা একসাথে থাকতে চাইলো-
ওরা জীবনের নিয়ম বদলাবে।
ওরা থাকার জায়গা পেয়েও গেল-
সাথে নামও- বন্দনা আর চন্দনা।
থাকা খাওয়ার অভাব নেই,
সাথে শাসন ও আদর দুটোই।
মাছ চাইলে শাসন, দুধ খেলে আদর।

বন্দনাঃ
মানুষ সংসার করতে জানে, আমাদের মতো নয়।
চন্দনাঃ
যুগের সাথে তারাও আমাদের মতো হয়ে যাবে।
বন্দনাঃ
তখন তাদের সন্তানদের কারা আশ্রয় দেবে?
চন্দনাঃ
নিয়তি!