১/

ক্লাস এইটের প্রেম, দাবি করতে যাওয়া, ধাক্কা খাওয়া |
দশ বছর পর...
সেই মেয়ের বাড়ি থেকেই সম্বন্ধ এল!
ঘুম ভাঙলে বারান্দায় এসে দাঁড়াই-
রিক্সায় সে চলে যায় বাচ্চা কোলে নিয়ে:
পাশে যোগ্য পুরুষ...
রোদের ঝিলিক স্বপ্নময়,
ছায়াঘন বাস্তব তারই চিরসঙ্গী |

ঘুম কেন ভাঙলো, ঢেউ কেন ভাঙে,
আকাশ ভেঙে আসে কেন জল-
এই দশ বছর পর!

২/

দশ বছর পর বাঁধা হল সেতু
কারণ নদীটা এখনও মজে যায় নি-
ডিঙা আছে, মাঝি আছে,
আছে বাতাস অফুরন্ত |
নেই শুধু জলে পড়ে ডুবে যাওয়ার ভয়
কারণ দশটা এখানে একটা সংখ্যা মাত্র,
ঢেউ অসংখ্য |