তোমায় দেখি না গো
কাশফিয়া আঁখি

মাঝ এ দুপুর
সোনার নূপুর
কাঁদে একলা পরে,
খুকি ঘুমায়
মাটির মায়ায়
দক্ষিণ ঝোপের ধারে।

পাকা বুড়ি
কথার ঝুড়ি
থেমে গেছে কান্না হাসি,
পুতুল খেলা
রঙের মেলা
কাঁদে দিবানিশি।

মায়ের আঁচল
চোখের কাজল
লুটায় ধূলোর বুকে,
নিদারুন ব্যথা
মুখের কথা
চাপা পড়েছে শোকে।


ছোট্ট জুতা
চুলের ফিতা
সবই পরে আছে আজ,
নেই সে আর
সব জুড়ে যার
আগাগোড়া ছিলো রাজ।

বাবার মুখ
কঠিন শোক
উদাস হয়ে ভাবে,
আমার আঁখি
ভোরের পাখি
আসবি আবার কবে!

শিশির মেখে
শিউলি শাখে
হাসো কি ফুলে ফুলে,
তোমার হাসি
করুণ বাঁশি
বাতাস উঠে দুলে।

এ জনমের কোন সে ক্ষণে
আবার দেখবো তোরে,
প্রতিমা যেমন
মুখটা তেমন
মনেপড়ে বারে বারে।

মেঘ করেছে
বৃষ্টি ঝরে
তুমি ‍কি ভিজছো মাগো,
দুয়ার বন্ধ
আমি যে অন্ধ
তোমায় দেখি না গো।