মাঝে মাঝে আলোটাকে
নিভে যেতে হয়।
আঁধারেই স্মৃতিটাকে
ভালো দেখা যায়।
আঁধারেই খুঁজে পাওয়া
সেই মায়াজাল।
তোমারই মতো আমার
একলা সকাল।

আলোটাকে নিভে
যেতে হয়।
আঁধারেই স্মৃতিটা
লাগে মায়াময়।
সেই মায়াজাল আর
এই একলা সকাল।
মাঝে মাঝেই মনে হয়
চেনা কতকাল।

মাঝে মাঝে নীরবেই
দূরে যেতে হয়।
দূর থেকে ফিরে দেখা
খুব কাছে মনে হয়।
ফিরে পাওয়া সেখানেই
সেই মায়াজাল।
আমারই মতো কি তোমার
আজ একলা বিকাল?

দূরে গেলেই
কাছে মনে হয়।
মায়াজালে এক
নতুন পরিচয়।
সেখানে রাখা তোমার
একলা বিকাল।
তোমারও কি মনে হয়
চেনো বহুকাল?

মাঝে মাঝে আলোটাকে
নিভে যেতে হয়।
আঁধারেই স্মৃতিটাকে
ভালো দেখা যায়।
আঁধারেই খুঁজে পাওয়া
সেই মায়াজাল।
তোমারই মতো আমার
একলা সকাল।।