কোন অভিমানে পোড়াও ধরণী
মোরে করো ছারখার।
অভিশাপ বুকে লয়ে হানো কেন
এ দুয়ারে বারবার?
আমি তো ছিলাম নদীর মতোই,
তুমি বাঁধ ভাঙা বান।
আমি তো ছিলাম ফুলের মতোই,
তুমি গড়েছ শ্মশান।
অভিশাপ বুকে লয়ে এ দুয়ারে
আসো কেন বারবার?
ক্ষতের উপর লবণ ছিটিয়ে
দেখে যাও হাহাকার!
একবার গেলে, নিলে কেড়ে সব
শান্তির শেষ নিশ্বাস।
আবারও ফিরে এলে কেন সখা,
কেঁড়ে নিতে বাকি আশ?
আমার মাটিতে, আমারই ঘর,
দিয়েছি তো বিসর্জন।
তবুও কি তৃষ্ণা মেটেনি তোমার—
মোর রক্ত প্রয়োজন?
যাও, ফিরে যাও যেই পথে এলে,
আর পোড়াবে না ভিটে।
আমার অভিশাপ জমে থাকুক
তোমার প্রতিটি ইটে।
Comments (0)
No comments yet. Be the first to comment.