জয় হোক কবিতার
সাইয়িদ রফিকুল হক
রবীন্দ্রনাথ আর জীবনানন্দ
আর আসবে না জানি,
তবু কবিতার ফুল ফুটবে দিকে-দিকে
অখ্যাত সব কবিদের হাতে!
কবিতারা কখনো মরে না,
মানুষের ভালোবাসায় জন্ম নেয়
মনোলোভা আর মনভুলানো সব কবিতা!
পৃথিবীতে নেমে আসুক আরও কত কবি
ফুল ফোটাতে থাকুক বাংলার শ্যামল প্রান্তরে।
অনেক কবিতা আবার হুল ফোটায় স্বার্থপরের গাত্রে
তারা হয়ে ওঠে ভীষণ ক্ষুব্ধ আর আগ্রাসী
তবু কবিতা থমকে যায় না---
আগুনের গোলার ভিতর থেকে বেরিয়ে আসে
লাল-লাল সর্বনাশী সব কবিতা
স্বৈরাচারের মসনদ ভেঙে বেরিয়ে আসে
কামারশালার উত্তপ্ত লোহার মতো বিধ্বংসী কবিতা
দেশবিরোধী ঘাতকদের বিরুদ্ধে জন্ম নেয়
ভিসুভিয়াস-আগ্নেয়গিরি মতো লেলিহান কবিতা।
রাজাকারদের পিণ্ডি চটকাতে এই বাংলায়
চিরদিন জন্ম নিবে সাঁড়াশি সব কবিতা।
ঘাতকদের দুয়ার ভেঙে স্বর্গের সিঁড়ি বেয়ে
নেমে আসুক এই বাংলায় আরেক নজরুল।
কবিতা কখনো থামেনি
কবিতা কখনো থামে না
কবিতা কখনো থামবে না।
জয় হোক কবিতার।
মিরপুর, ঢাকা,
১১-০৬-২০২৩
Comments (5)