আগের মতো দিন কাটে না
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টিভেজা দুপুরগুলো
আর পাই না খুঁজে,
ঘুম আসে না আলসেমিতে
চক্ষু দুটি বুজে!
মনের ভিতর কেমন যেন
অস্থির একটা ভাব,
বদলে গেছে আগের চেয়ে
দিন যাপনের স্বভাব।
মধুর সকাল আগে ছিল
দিনটা যেতো হেসে,
কেমন করে কোথায় যেন
সবই গেল ভেসে!
আর কি পাবো ফিরে আবার
সেই সে মধুর দিন!
ভাবতে গেলে বুকের ব্যথা
আবার করে চিন!
আগের মতো দিন কাটে না
মন যে কেমন করে!
ভালোবাসার কোমলস্বরে
মন ওঠে না ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৭/২০২১
Comments (3)