ঘুরে দাঁড়াও যুবক
সাইয়িদ রফিকুল হক

বাতাস এলে উড়বে তোমার
খড়কুটো আর চুল,
চারিদিকের ভীষণ পাপে
যাচ্ছে ঝরে ফুল!

তবুও তুমি বসে আছো
কোন্ সে খেয়াল-দোষে!
ভগ্নসমাজ সোজা করো
চালাও চাবুক কষে।

তোমরা হলে তরুণ-যুবক
তোমরা দেশের হাল,
ছিন্ন করো চারিদিকের
ষড়যন্ত্রের জাল।

তোমার হাতে মাদক কেন?
ফেল গাঁজার পুঁটলি,
সমাজটা যে জাগবে না আর
তুই না জেগে উঠলি!

কীসের নেশায় এমন করে
যুবকগুলো বৃদ্ধ!
জ্ঞানবিজ্ঞানে তরুণসমাজ
হবে কবে সমৃদ্ধ?

বেলা অনেক যায় গড়িয়ে
দাঁড়াও যুবক ঘুরে,
গান যে তোমায় গাইতে হবে
বজ্রকঠিন সুরে।

ভাঙা কেল্লা গড়তে হবে
ধরো হেরার রশি,
দেখ্ আকাশে উঠছে আবার
সত্যপথের শশী!


সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০২০