উল্টাপাল্টা—১
সাইয়িদ রফিকুল হক
অল্পকথা বললে এখন
হচ্ছে বিরাট ফাইন,
বেশি কথার পক্ষে নাকি
মহাজনের আইন!
বাচালগুলো বুকফুলিয়ে
হাঁটছে কত জোরে!
সিঁধেল চোরের দলবলেরা
উঠছে এখন ভোরে!
নীতিকথার বাক্যগুলো
দেখি নাতো চোখে,
বড়সাহেব কাঁদেন এখন
কোলাব্যাঙের শোকে!
মানুষ মরলে হাসে বেকুব
বিড়াল মরলে কাঁদে!
বিশ্বজগত আটকে গেছে
ধান্দাবাজের ফাঁদে!
মাথামোটা মানুষগুলো
পাচ্ছে সভায় আসন,
ধর্ষকেরাও দিচ্ছে এখন
জনসভায় ভাষণ!
পশুসমাজ কায়েম করতে
হচ্ছে পশুর জোট,
মানুষ হয়েও কত পশু
দিচ্ছে পশুর ভোট!
এই জামানার পাপের কথা
কী হবে আর লিখে!
লাভ কামাতে বেআদবি
নিচ্ছে সবাই শিখে!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৯/২০২০
Comments (3)