বদ্ধ বইগুলো ফেলে দাও
সাইয়িদ রফিকুল হক

বদ্ধ-ভাবের বইগুলো সব
দাও না ফেলে জলে,
কিংবা এসব পুঁতে ফেল
গভীর মাটির তলে!

ভণ্ডগুলোর মিথ্যাকথায়
বাড়ছে কত কিতাব!
সবখানে যে মনুষ্যত্বের
আছে বিরাট অভাব!

মনগড়া সব কিতাবখানা
উঠছে কত গড়ে!
এই জীবনে লাভ হবে না
তুচ্ছ এসব পড়ে।

মানুষজনকে ঘৃণা করে
ধর্ম হবে কীসের?
আল্লাহতা’লার পৃথিবীতে
কিতাব কেন বিষের?

ভালো কিতাব লিখতে হবে
পড়তে হবে ভালো,
খুঁজে দেখো যে-কিতাবে
হয় রে জগত আলো।

বদ্ধ-মনের ভাবনাগুলো
করে সবার ক্ষতি,
এমন কিতাব পড়বে নাকো
আদেশ সবার প্রতি।


মনটাকে ভাই ধুয়ে ফেল
সত্য-সুন্দর বইয়ে,
সুন্দর মনে আল্লাহ থাকেন
কথা দিলাম কইয়ে।

বদ্ধ-মনের বইগুলো সব
দাও না ফেলে আজ,
সত্য-সুন্দর কথায় করো
জীবন-কারুকাজ।


সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০২০