ফুলের মতো মানুষ
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি ফুলের মতো ফুটতো সুবাস নিয়ে,
অনেক বেশি ফুল ফুটাতাম এই না জীবন দিয়ে।
ফুলকলিদের মতোই আমরা হতাম কত নির্মল,
বিশ্বজুড়ে মানবজাতির বাড়তো বুকের বল।
আজকে দেখি স্বার্থনেশায় দলাদলি করছে মানুষজন,
ফুলকলিদের মতো হলে—কলুষমুক্ত হতো সবার মন।
ফুলের মতো আমরা কেন পারছি নাকো ফুটতে?
লোভআগুনে পুড়ে-পুড়ে আমরা জানি স্বার্থনেশায় ছুটতে!
আয়রে মানুষ, ফুলের মতো ফুটবো সবাই মিলে,
হিংসা-বিদ্বেষ রাখবো নারে ভালোবাসার দিলে।
এই জগতে আমরা হবো সবার চেয়ে সেরা,
পুণ্যপথের মানুষ দিয়ে বিশ্ব রবে ঘেরা।
ফুলের মতো মানুষ হয়ে হাসবো সবার সুখে,
ভালোবাসার একটা বুকে কাঁদবো সবার দুঃখে।
বিশ্বভূমি হাসবে তখন মানবপ্রেমের খুশে,
ফুলের মতো হতে চাইলে রাগ রেখো না পুষে।
সাইয়িদ রফিকুল হক
০৮/১২/২০১৯
Comments (7)