ভ্রম-সংশোধন
সাইয়িদ রফিকুল হক
তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই
এমন সময় দেখতে পেলাম আমারই বাগানে
কী সুন্দরভাবে হাসছে অনেক ফুল!
কাছে গিয়ে তোমার জন্য খুশি মনে
ছিঁড়তে চাইলাম একটা গোলাপ
অমনি মলিন হয়ে গেল সব ফুল!
আর একসাথে ওরা চেঁচিয়ে জানালো:
জীবন থাকতেও ওরা যাবে না তোমার কাছে।
আর কী আশ্চর্য কাণ্ড!
একটা ফুলও উঠতে চাইলো না তোমার হাতে,
কেউ তোমাকে সহ্য করতে পারলো না,
তখন খুব রেগে ফুলগুলোকে বললাম তোমার কথা
আরও জানালাম ওদের: আমি তোমাকে ভালোবাসি
আর তখনই খুব আশ্চর্য হলাম ফুলগুলোর কথা শুনে।
ওরা আমাকে ফিসফিস করে বললো:
তুমি ও-কে ভালোবাসো সত্য
কিন্তু সে তোমাকে ভালোবাসে না
আর সে এতোদিন তোমাকে করেছে প্রতারণা
তাই আমরা উঠতে চাইনা কোনো ছলনাময়ীর হাতে!
ফুলের কথা শুনে ভাঙলো আমার ভালোবাসার মোহনিদ্রা।
ছুটে গেল একনিমিষে ভালোবাসার শখ
এবার সংশোধন করে নিলাম জীবনপথের ঠিকানা।
২৯/০৯/২০১৬
Comments (6)