আগে আমরা কুকুরকে কুত্তা এবং বিড়ালকে বিলাই বলতাম। কেন যে এগুলো ডাকতাম তার কোন ব্যাখ্যা আমার কাছে নেই। তবে আমাদের পরিবারে একটা করে কুকুর এবং বিড়াল থাকতোই। ইহা যেন বাধ্যতামূলক ছিলো। আমাদের পরিবারে কুকুর-বিড়াল ছিলো না, এমন দিন আমাদের কাটে নি। ফেলে দেয়া খাবার খেয়েই কুকুর-বিড়ালের দিন কেটে যেত। বাড়তি কোন খাবার লাগতো না বললেই চলে। কুকুর বড় প্রভুভক্ত প্রাণী। সারা বাড়ী কুকুরের কাছে লিজ দিয়ে রাতে আমরা শান্তিতে ঘুমিয়ে যেতাম। আর সকাল বেলা ঘুম থেকে উঠে জান-মাল ঠিক মতই পেয়ে যেতাম। আশ্চর্য কারবার আর কি! চোর-ডাকাতের আওয়াজ পেলে কুকুর আগেই আমাদের খবর দিয়ে দিতো। আর আমরা সেমতে ব্যবস্থা নিতে পারতাম।
-স্বপন রোজারিও (মাইকেল)