১

মোবারক হোসেন সাহেব রোজ ভোরে দু'কাপ চা বানান।

অভ্যাসটা তেত্রিশ বছরের। সংসারে এই একটা কাজই তিনি পারতেন। ভাত রাঁধতে পারেন না, ডিম ভাজতে গেলে পুড়িয়ে ফেলেন। চা-টা পারেন। রাহেলা বলতেন, 'তোমার হাতের চা খেয়ে মরলেও শান্তি।'

রাহেলা মারা গেছেন তিন বছর আগে, আশ্বিন মাসে। অভ্যাসটা মরেনি।

প্রথম কাপ নিজের, চিনি ছাড়া। তাঁর ডায়াবেটিস। দ্বিতীয় কাপে দু'চামচ চিনি। সেটা তিনি বারান্দার বেতের চেয়ারের সামনে টুলের ওপর রাখেন। তারপর গেটে যান খবরের কাগজ আনতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেডলাইন পড়েন। ফিরে এসে নিজের চা খান।

দ্বিতীয় কাপ ঠান্ডা হয়। দশটার দিকে কাদের সেটা গন্ধরাজ গাছের গোড়ায় ঢেলে দেয়। গাছটা তিন বছরে খুব বেড়েছে।

অগ্রহায়ণ মাসের এক সকালে মোবারক সাহেব গেট থেকে ফিরে দেখলেন দ্বিতীয় কাপটা খালি।

শুধু খালি না। পিরিচের ওপর উপুড় করে রাখা।

তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। রাহেলা চা শেষ করে কাপ উপুড় করে রাখতেন। বলতেন, না রাখলে মাছি বসে।

মোবারক সাহেব কাদেরকে ডাকলেন।

'চা খেয়েছিস?'

'জে না।'

'সত্যি কথা বল।'

'আল্লাহর কসম। চা খাইলে আমার পেট ফাঁপে।'

'কাপ উপুড় করল কে?'

কাদের খানিকক্ষণ চিন্তা করল। 'বিলাই।'

'বিড়াল চা খেয়ে কাপ উপুড় করে রাখে?'

'এই বাড়ির বিলাই পারে। খুব চালু বিলাই।'

মোবারক সাহেব আর কিছু বললেন না। নিজের চা খেলেন। সেদিন চায়ে লিকার বেশি হয়েছিল।

২
পরদিনও কাপ খালি পাওয়া গেল। তার পরদিনও।

ব্যাপারটা তিনি কাউকে বললেন না। বলার মতো কিছু না। আট দিনের দিন বললেন নিবারণ বাবুকে। নিবারণ বাবু হোমিওপ্যাথ, চল্লিশ বছরের বন্ধু। বিকেলে দু'জন দাবা খেলেন। নিবারণ বাবু প্রতিদিন হারেন এবং প্রতিদিন বলেন আজ তাঁর শরীরটা ভালো ছিল না।

তিনি সব শুনে ঘোড়ার চাল দিলেন। ভুল চাল।

'তুমি নিজেই খাও।'

'আমি চিনি দেয়া চা খাই না।'

'মনে থাকলে খাও না। মনে না থাকলে খাও। এই বয়সে এ রকম হয়। আমি নিজে গত মঙ্গলবার দু'বার ভাত খেয়েছি। তোমার বৌদি ধরেছে।'

'কাপ উপুড় করি কেন?'

'সেটাও মনে থাকে না।'

নিবারণ বাবু ব্যাগ খুলে শিশি বের করলেন। 'সকালে চার ফোঁটা, রাতে চার ফোঁটা। স্মৃতিশক্তির জন্যে অব্যর্থ।'

শিশিটা হাতে নিয়ে তিনি কী যেন ভাবলেন। 'ভাবী চা খেয়ে কাপ উপুড় করে রাখতেন, না?'

'হুঁ।'

নিবারণ বাবু শিশিটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলেন। 'থাক। ওষুধটা এখন থাক।'

'কেন?'

'এমনি। তোমার মন্ত্রী গেল।'

সে মাসে মোবারক সাহেবের ব্লাড সুগার বেশি পাওয়া গেল। ডাক্তার জিজ্ঞেস করলেন মিষ্টি খাচ্ছেন কি না। তিনি বললেন, না। ডাক্তার বিশ্বাস করলেন বলে মনে হল না।

৩

পৌষ মাসে মিতু এল ঢাকা থেকে। নিবারণ বাবু চিঠি লিখেছিলেন। চিঠিতে কী ছিল মিতু বলল না। সে এসেছে বাবাকে নিয়ে যেতে।

রাতে খাবার পর কথাটা উঠল।

'বাবা, তুমি আমার সঙ্গে চলো।'

'চা-টা কে বানাবে?'

'ঢাকায় চা বানানো যায় না?'

'চেয়ারটা তো এখানে।'

'চেয়ার নিয়ে যাব। ট্রাকে করে।'

মোবারক সাহেব ব্যাপারটা বিবেচনা করলেন। 'বারান্দাটা?'

মিতু হাল ছেড়ে দিল। সে তার মায়ের মতো হয়েছে, বেশি কথা বলে না। অনেকক্ষণ পর বলল, 'চা-টা তুমি নিজেই খাও বাবা। তোমার মনে থাকে না। তোমার সুগার বেড়েছে, দেখো নাই?'

'হতে পারে।'

'হতে পারে মানে?'

'তোর মা থাকতেও আমি তার কাপে চুমুক দিতাম। চিনি দেয়া চা খেতে ইচ্ছা করত। সে খুব রাগ করত।'

মিতু বাবার দিকে তাকিয়ে রইল। এ কথার কী জবাব হয় সে জানে না।

'একটা কাজ করলেই তো হয়। গেটে না গিয়ে বসে থাকো। দেখো কে খায়।'

'একদিন বসে ছিলাম।'

'তারপর?'

'চা ঠান্ডা হয়ে গেল। কেউ খেল না। গাছে ঢালতে হল।'

মোবারক সাহেব উঠে জানালাটা বন্ধ করলেন। বাইরে কুয়াশা পড়ছে।

৪

মিতুর ঘুম ভাঙল আজানের আগে। সে পা টিপে টিপে এসে বারান্দার দরজার পর্দার আড়ালে দাঁড়াল।

রান্নাঘরে শব্দ হচ্ছে। কেতলির ঢাকনা। চামচ। মোবারক সাহেব দু'টা কাপ নিয়ে বারান্দায় এলেন। একটা টুলের ওপর রাখলেন, বেতের চেয়ারের সামনে। কাপের হাতলটা ঘুরিয়ে ডান দিকে দিলেন। রাহেলা ডান হাতে কাপ ধরতেন।

তারপর গেটের দিকে হাঁটতে শুরু করলেন। ধীরে ধীরে। একবারও পেছনে তাকালেন না।

কাপ থেকে ধোঁয়া উঠছে। মিতু তাকিয়ে আছে। তার বুক ধকধক করছে, কেন করছে সে জানে না।

পেছনে খসখস শব্দ হল। কাদের। গায়ে চাদর, চোখে ঘুম।

'আফা, দেইখেন না।'

'কেন?'

'দেখলে খায় না।'

'কে খায় না?'

কাদের এ প্রশ্নের জবাব দিল না। মাথা চুলকাল। 'আমি একদিন দেখতে গেছিলাম। খায় নাই। খালুজান সেদিন সারাদিন ভাত খান নাই।'

গেটের কাছে মোবারক সাহেব খবরের কাগজ খুলেছেন। অন্ধকারে হেডলাইন পড়া যাবার কথা না। তবু পড়ছেন। আজ তিনি অন্য দিনের চেয়ে বেশি সময় নিচ্ছেন।

চায়ের ধোঁয়া পাতলা হয়ে আসছে।

মিতু পর্দা ধরে দাঁড়িয়ে রইল।