১) চার যুগ

এক জীবনেই মানুষ চার যুগ দেখে-
সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি।

শিশুরা সবাই সত্য কথা বলে।

যুবকদের অন্তরে দেব ও দানব দুই জন্মায়-
তাদের মধ্যে লড়াই চলে দিনরাতঃ
অনুভূতির বনবাস থেকে হৃদয় হরণ
থেকে মনের ভিতর লঙ্কা কাণ্ড।

মধ্য বয়সে কূটনীতির জাল ঢেকে ফেলে চারদিক-
সংসার থেকে সমাজ-
জতুগৃহে বাস, বস্ত্রহরণের দাস ও কুরুক্ষেত্র যুদ্ধে বারো মাসঃ
তার থেকে বাঁচার পথ খোঁজা।

শেষ বয়সে সবই শেষ-
জীবন থেকে সম্মান,
অর্থ থেকে শরীর,
আনন্দ থেকে স্নেহ,
শক্তি থেকে আদর্শ।
কেবল শ্বাস নিয়ে বেঁচে থাকা।
মিথ্যাই জগৎ।

২) চালাক

বোকা হলে দুনিয়ায়
কি বাঁচা যায়?
আবার অতি চালাক হলেও বিপদ আরো।
তাই বুঝে কথা বলো ও কাজ করো।

৩) সাবলীল

ভালবাসেন বলে অযথা চাপিয়ে দেবেন না-
সাবলীল ভাবে বিকাশ ঘটতে দিন।
বেশি আশা তীরে তরী ডোবায়-
অপ্রিয় সত্য জেনে নিন।