অকেশনাল দেশপ্রেম
তুই কোন চেতনার কথা বলিস্ অকেশনালি ?
রাত-দিন চুষে খাওয়া জনতার রক্তের শিরা?
নাকি বুদ্ধিজীবী প্রলাপে মুখরিত দর্শন?
স্বাধীনতা কি তোর পকেটবন্দী ভেঁপু?
তুই কোন সূর্যের কথা শোনাস্?
কোন নদীর জাটকা খাস্?
কোন বিদ্যাপিঠের বাহাদুরি ফলাস্?
টাকার ক্ষমতা দিয়ে মনুষত্ব দেখাস্?
লুকোনো স্বপ্ন বালিশ চাঁপা দিয়ে
বেদ মন্ত্রের দোহাই দিয়ে বস্ত্র হরণ করিস?
রিলিফের চাল,গম, টিন ও কম্বল গিলে খাস্?
অকেশনালি চেতনার জাগরণী উৎসবে দুনিয়া মাতাস?
বাংলার নাম বেঁচে কিনেছিস গ্রাজুয়েট বেকার?
রমরমা ব্যবসার কাঁচামাল ওরা ৷
তোদের স্বাধীনতা পকেটে বন্দী ভূ-গোলক ৷
মানুষের লাশের পাহাড়ে সিঁড়ি ভেঙ্গে লিফ্ট বানাই
আমরা রোজ,
যত স্লোগান যত মিছিল প্ল্যাকার্ড!
রাখিনা দেশের কোনো খোঁজ!
অকশেনাল দেশপ্রেম বিশ্বায়নের পতাকা গেড়ে ওড়াই!
Comments (8)