বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।
নিঃশব্দে চুপিচুপি পা ফেলে
এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,
পিছনে ফিরে যেইনা তাকাব আমি
তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।
হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে
তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,
আধফালি চাঁদ উকি দেবে গগনেতে
শুধু আলো দেবে কইবেনা কোন কথা।
ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে
সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা
রাখবো মাথা আমি তোমারই কোলে
দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।
আজ থেকে প্রায় বছর তিনেক আগে
কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,
আজ শুধু তুমি নেই আমারই পাশে
সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।
ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে
বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,
জানি একদিন আসবেই ফিরে তুমি
সব ভুল ছিল যেদিন হবে তা জানা।
তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে
নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে
আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।
Comments (20)