চশমা টা মুছে নিয়ে শার্টের কোণে
আবার ভালো করে দেখার চেষ্টা
পড়া যাচ্ছে না তবু কিছুই
হাত কাঁপছে আজকাল খুব
সাথে কাঁপছে যেন পৃথিবীটা
ঘড়ির কাটার শব্দটা এখন একটু বেশিই ভাবায়...
এই যে কতদূর আসা,
কতো কিছু চলে গেলো, আর ফিরে এলো না,
এই যে রাতের পর দিন গুণে, এখনও অনেক কিছুই
রয়ে গেলো অমিলের তালিকায়
আর কবে বলবো, আগলে রাখা শব্দগুলো?
গোধূলি আকাশে তো আর সূর্যের তাপ নেই
এখন চাঁদটাও যেন আর আসতে চায় না,
কি বা আসে যায়,
চাঁদের অবয়ব এখন আর চোখে লাগে না,
এখন সব মিলে মিশে যায়,
ছোটবেলায় আঁকা ছবির মতো...
প্রতি ভোর যেন একটা করে এলার্ম
যাক আরেকটা দিন, আরও কিছু নিঃশ্বাস, বাসি কিছু সংশয়
এখন আর অভিমান জমে না, আচমকা আগুন জ্বলে না,
এখন ভেসে যেতে ইচ্ছে করে,
উত্তরের বাতাসে, নির্জীব ধুলোর মতো...
এরপর আর কল্পনা করা যায় না,
যেটকু মগজে কুলায়, তার মজুদ শেষ
তাই এখন আবার চশমা টা মুছে নিয়ে
দেখার চেষ্টা,
এটা হয়ে যাচ্ছে বাজে একটা অভ্যেস...
Comments (4)