খুঁজতে গিয়ে আমার মনের সুখ ,
       অসুখগুলোই নেড়ে চেড়ে দেখি ;
মনে মনে ভাবি আমি , বুঝি –
       সুখ আমাকে দিয়ে গেছে ফাঁকি ।

সুখ তো তখন আমার পিছু পিছু ,
       হাতড়ে বেড়াই আমি সুমুখ পানে ;
হন্যে হয়ে , অসুখেরই মাঝে ,
       আমি খুঁজি আমার সুখের মানে ।

মনের মাঝে অসুখ পুষে রেখে ,
       যায় না কভু সুখখানাকে পাওয়া ;
সুখ আসলে বন্ধ মনের ঘরে –
       উড়ে আসা দমকা পাগল হাওয়া ।

অবশেষে , অনেক খোঁজার পরে ,
       বুঝতে পারি আমার মনের ভুল ;
ভ্রমরটাকে রাখলে বন্দি করে ,
        কেমন করে ফুটবে কুসুম ফুল !

সকল অসুখ ছুঁড়ে ফেলে দিয়ে ,
       খুঁজে পেয়ে গেছি সুখের মুখ ।
সব কিছুকে আপন করার মাঝেই ,
       লুকিয়ে আছে আমার মনের সুখ ।।