কথা বলো না জোনাকি -
বাধ্য বালিকার মত চুপ করে শুয়ে থাকো
এই বুকের ভিতর ।

সমস্ত দিনের পরিশ্রম শেষে তুমি এখন অনেক ক্লান্ত -
সন্ধ্যার আকাশের মত বিষণ্ন তোমার মুখ,
রক্তাভ ঠোঁট দুটোর চারপাশে বিন্দু বিন্দু অগ্নিময় স্বেদ;
আর একটি কথাও বলো না জোনাকি -
চুপ করে শুয়ে থাকো এই বুকের ভিতর ।

যেমন মেঘের কোলে শুয়ে থাকে চাঁদ,
সবুজ ঘাসের ‘পর নীল প্রজাপতি -
তেমনই নিঃশব্দ শুয়ে থাকো
এই বুকের ভিতর ।