নিজের ভিতরের ঘুমন্ত ভাবনাকে জাগ্রত করে তাকে সবার সামনে তুলে ধরার মধ্যে যে আনন্দ, তার চেয়ে আর কোন বড় আনন্দ জগতে আছে বলে আমার মনে হয় না । আর এ জিনিসটা করতে হলে যা আমাদের একান্ত প্রয়োজন তা হল : একটি সুস্থ সুন্দর স্বাধীন প্রকাশ-মাধ্যম ।
ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই : বঙ্গদর্শন, সবুজ পত্র, ধূমকেতু, কল্লোল, কৃত্তিবাস-- এই সব পত্রিকাকে ঘিরে বার বার বাংলার সাহিত্য জগতে এসেছে নতুন সৃষ্টির জোয়ার, তৈরী হয়েছে বঙ্কিম, প্রমথ চৌধুরী, নজরুল, রবীন্দ্রনাথ, জীবনান্দ, মানিক, সুনীলের মত মহান লেখক । যুগে যুগে যাঁদের সৃষ্টি আমাদের মনোজগতকে নতুন মহিমায় উদ্ভাসিত করে আসছে ।
জগত এখন অনেক বদলে গেছে । ব্যাপক পরিবর্তন এসেছে জীবনধারায় । অত্যাধুনিক যুগে প্রযুক্তির কল্যানে সবকিছু এখন অনেক সহজ । চাইলেই খুব সহজে আমরা অনেক কিছু করতে পারি । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে আমাদের সৃষ্টিশীল সাহিত্যের অবস্থা খুবি শোচনীয় । আজ আমাদের লেখকরা বড় লেখক না হয়ে বাজারসফল লেখক হতে চায় । যার বাজারধর যত বেশি সেই তত মহান লেখক । বাংলার মননশীল বৃহত্তর পাঠকগোষ্ঠী আর খুঁজে পাচ্ছে না নতুন কোন চিন্তার খোরাক । ক্রমশই তারা সরে আসছে সাহিত্য থেকে । এরকম হতে থাকলে আমদের ব্যক্তিজীবন থেকে শুরু করে রাস্ট্রীয় জীবন - সর্বস্তরে নেমে আসবে বিপন্নতা । যার কিছুটা আভাস এখন থেকেই পাচ্ছি ।
সাহিত্যকে এই অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে পারে একমাত্র তরুণরাই । ব্যর্থতাকে পদদলিত করে নতুন ভোরের স্বপ্ন বুকে নিয়ে তাদের এগিয়ে যেতে হবে দুর্দম বেগে । আর এই এগিয়ে চলার পথে 'তারুণ্য ব্লগ' হয়ে উঠুক আমাদের নিত্যসঙ্গী ।
Comments (4)