শেষ বিকেলের মেঠো পথ থেকে কিছুটা উপরে
যখন ছটপট করতে থাকে বাদুরগুলো
হয়তো সেই মুহূর্তে মনে পড়ে
আর খুঁজতে চেষ্টা করি অলসতার মাপকাঠি
একজন গোঁফ প্রিয় মানুষ সেলুনের চেয়ারে বসে
যখন প্রিয় গোঁফটাকে ছেঁটে ফেলার আদেশ দেয়
ঠিক তখনই প্রিয়দের হারানোর ব্যাথা
আর হাজার কাকের গান অর্থপূর্ণ হয়ে ওঠে
পাশের বাড়িতে দেখি সিগারেট হাতটা
একে একে রঙিন ক্যালেন্ডারে দিন বদলাচ্ছে
আর আমার বিবর্ন ক্যালেন্ডার
সারি সারি মুখের আনাগোনায় হারিয়ে ফেলছে দিন
নির্ঘাত এটা প্রেমের কবিতা না
জঠর ভিজিয়ে বেরিয়ে আসা সদ্যোজাতর কবিতাও না
আমার আঙুল ছোঁয়া দূরত্বে থাকা
লিপস্টিকে ব্যাস্ত ছেলে মেয়েদের কবিতাও নয়
এ কবিতা বিষম ঝরে আছড়ে পড়া মানুষগুলো আর
উঠোনের পাশে অজানা ধানের ভিজে গন্ধের কবিতা
Comments (13)