মন যমুনায় উথাল পাথাল,ভাঙছে সুখের ঘর,
অশ্রু ধারায় বানভাসি আজ,মনের তেপান্তর।
দিশাহারা আমার তরী,মনমাঝি তুই কই!
তোর আশাতে বানের মুখেও,খুঁজছি জলের থই!
মন ভেঙেছে,কূল ভেঙেছে,উচ্ছ্বসিত বান,
অথৈ জলের অথৈ সীমা,কে বাঁচাবে প্রাণ!
মনমাঝি তুই শক্ত করে হালটা এসে ধর,
নৌকা আমার টলোমলো,আসছে ভীষণ ঝড়।
মেঘ জমেছে মনের কোণে,লয়ের পূর্বাভাস,
জানি না কোন দন্ডে আসে সুপ্ত সর্বনাশ!
তার আগে তুই ত্রস্ত তরীর দে উড়িয়ে পাল,
ভাটিয়ালী গানের সুরে ধর তরণীর হাল।
Comments (14)