বড্ড বেশি কথা বলিস
সোজা পথে কেন চলিস
পায়রা দুটোকে দ্যাখ
একটুখানি বকম বকম
তারপর দ্যাখ দ্যাখ
ওদের রকম সকম।

একটায় মন খালি
যত পারিস দে গালি
কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ
জিভ লক লক পাঁড় মাতাল।

তেল ভরে দে দম দে দম
বুকের মাঝে গম গম
কেরোসিন স্টোভ
উগরায় ক্ষোভ
বিস্ফোরণ! হাসপাতাল!

দমকা হাওয়া
আসা আর যাওয়া
এ ঘাট ও ঘাট
চুকিয়ে দে পাট
হৃদয়ের হাট
খোলা দিনরাত
বিকিকিনি শেষ
ল্যাং মেরে হাঁটা দে
খুঁজে নে নতুন দেশ।

তদ্রূপ তদ্রূপ
বহু রূপে এক রূপ
যে দিকে তাকাস
হতাশ হতাশ
চেনা চোখে এক রাশ
শুধুই অবিশ্বাস
এক নিয়ে ছিলি বেশ
এখন দীর্ঘশ্বাস।

হিসাবের খাতা
জমায় কালো দাগ
খরচে লাল
বালিশে মাথা
কেটে যায় কাল।