এক যে ছিল পেটুক, নাম ছিল তার গদাই
যতই দাও মন ভরে না মন্ডা আর মেঠাই
একদিন সে নিদ্রা গেল স্কুলেতে এসে
স্বপনে সে চলে গেল দূর বিদেশে
সেথা গিয়ে দেখলো সে সন্দেশের ঘর-বাড়ি
গাছ থেকে সব লেডিকেনি ঝুলছে সারি সারি
লুচি দিয়ে তৈরি যত আছে পথ
পুকুরের জলগুলো সব শরবৎ
পাঁচিল ঘেরা ফুলবাগানে রাজভোগ আছে ফুটে
ইচ্ছে করে দু হাত দিয়ে সবগুলো নেয় লুটে
সাহস করে টপকে পাঁচিল ঢুকলো গদাই বাগে
কোত্থেকে যে মালি এসে ফুঁসছে ভীষণ রাগে
মালি যখন কান ধরে তার দিল ভীষণ টান
ঘুম ভেঙে যায় হঠাৎ করে স্বপ্ন যে খান খান
সে দেশ কোথায়! মালি কোথায়! এ যে ক্লাশরুম
মাস্টার মশাই বলছে রেগে,ঘুচিয়ে দেব ঘুম।
Comments (8)