আমি এখানেই রবো
সময় আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে
দিনে দিনে মৃত্যুর দ্বারে,
বয়স হল অযথা মাপকাঠি ;
তাই বার্ধক্যের উপসর্গ দেখা দেয়
শরীরে
কেশরাশি হয়ে যায় ফ্যাকাসে, ধূসর
কুঞ্চিত হয়ে আসে ত্বক,
কপালের ভাঁজ ঝুলে পড়ে
চোখের মাঝে আবছা গোধূলি নেমে আসে।
দৃষ্টিশক্তি ক্ষীণ, দুচোখ জুড়ে কুয়াশা
কেড়ে নিয়ে যাচ্ছে আমার ভাষা, আমার কথা
সর্বাঙ্গের শক্তি লোপ পায় প্রতিদিন।
চোখের নিচে ধূসর বাদামী কালো মেঘ
জমা হয়, দেখায় অন্য জগতের মোহ
আমাকে বাধ্য করা হয় প্রতিনিয়ত
আমাকে প্রস্তুত করা হচ্ছে পৃথিবী ছেড়ে যেতে
পা কাঁপে, পথচলার শুরুতে যেমনটি হয়েছিল
লাঠি হয় শেষ অবলম্বন।
মনের মধ্য থেকে আশার আলোর স্বল্প বিচ্ছুরণ
নিভে যাওয়ার আগে যেমন উজ্জ্বল
জ্বলে উঠে প্রদীপের শিখা
পৃথিবীর আয়তন ছোট মনে হয়
একটি ঘর, একটি বিছানা এটাই পৃথিবী।
জানি ছেড়ে যেতে হবে
চলে যাওয়া অনেক সহজ তবে -
আমি অনেকের মনে গেঁথে যেতে চাই
জরাজীর্ণ দেহ না থাক;
তবু আমার স্বত্বা রেখে যাবো এখানে
আমি এখানেই রবো।
Comments (11)