কাঁদছে খুকী
----রেজাউল রেজা----
______________________
খুকী-পুতুল খেলত খেলা
সারা বিকেল বেলা,
মজা করে ভাসাত তারা
কলা গাছের ভেলা।


খাওয়ায় নাওয়ায় সবকিছুতেই
করত কাড়াকাড়ি,
একটুখানি অমিল হলেই
করত মারামারি।


জান-পরাণের সই যে পুতুল
বেড়ে ওঠা তার সনে,
তার সাথে ঘটা হাজার স্মৃতি
ভাসছে খুকীর মনে।


মনটা খুকীর বেজায় খারাপ
কাল পুতুলের বিয়ে,
শহর থেকে বরাত এসে
যাবে তাকে নিয়ে।


পুতুলের বিয়ে হয়ে গেলে
খুকী হবে একা,
তাইতো খুকি কাঁদছে দেখ
মুখটা করে বাঁকা।


কালকে পুতুল চলে যাবে
রাজ পালকি চড়ে,
একা একা কি করবে ভেবে
খুকী যাচ্ছে মরে।।
-
লেখা-২৯ মার্চ,২০১৮