পাতা যদি গাছের চোখ হয়,
পাখিরা কণ্ঠ-
তাহলে আপনি বলতেই পারেন
গাছও কি গান গায়?
আমি নির্দ্ধিধায় বলবো-
হ্যাঁ গায় তো, শুনেননি কখনো?
নষ্ট কানে কবিতাও গালাগাল মনে হয়।
আমাদের দেখার সৌভাগ্য হয়নি
সবচাইতে সুন্দর বৃষ্টি, সবচাইতে সুন্দর পাহাড়, সমুদ্র;
আমাদের শোনার সৌভাগ্য হয়নি
সবচাইতে সুন্দর কবিতা, সবচাইতে সুন্দর গান।
আমাদের প্রাপ্তি কাগজের নোট,
আমাদের প্রাপ্তি কয়েক ফোঁটা রক্ত অথবা ধর্ষণ,
চোখে-চোখে দেখি লাল রঙের আকাশ
আপনিও বলতে পারেন
ভালোবাসার সাহস পাখিদেরই আছে,
মানুষের নেই
জানেন তো, নষ্ট চোখে বৃষ্টি'কেও রক্ত মনে হয়।
Comments (0)
No comments yet. Be the first to comment.