মেঘের পাহাড় ভেঙে চুরে
চাঁদটা মারে উঁকি
অবাক হয়ে কী বিস্ময়ে
তাকিয়ে দেখে খুকি।
ছোট্ট খুকি ভাবতে থাকে
করতে থাকে খোঁজ
কোন পাহাড়ের ওপাড় থেকে
সূর্য আসে রোজ?
ফুলের বনে সন্ধ্যা এলে
আকাশ কেন লাল?
ভাবতে গিয়ে সময় গড়ায়
কাটতে থাকে কাল।
চারদিকেতে মুগ্ধ চোখে
চাইলে বারে বারে,
হৃদয় জুড়ে পাহাড় জমে
ভাবনা শুধুই বাড়ে।
পায়না খুঁজে জবাব খুকি
ভাবতে শুধু থাকে,
ভাবনা হঠাৎ থমকে দাঁড়ায়
দাদু ভাইয়ের ডাকে।
বলে দাদু বিশ্ব-নিখিল
সৃষ্টি হাতে যাঁর
চাঁদ তারাকে জাগান তিনি
তাঁরই এ কারবার।
তোমার আমার উপকারে
সমস্ত তাঁর গড়া,
তাই আমাদের উচিত কেবল
তাঁর ইবাদত করা।
Comments (11)