হচ্ছে কি আজ বিশ্ব জুড়ে, চলনা দেখি উড়ে উড়ে,
পাখি হয়ে ডানা মেলে, জগৎ দেখি ঘুরে ঘুরে।
যেথা খুশি সেথা যাবো, আপন মায়ের আদর নিয়ে,
দেখবো পাহাড় সাগর নদী, সাত সমুদ্রের ওপার গিয়ে।
ফিরবো নাকো ঘুরবো শুধুই, নীল আকাশের শূন্য বুকে,
দেখবো তারা চাঁদের হাসি, সূর্য মামার অগ্নি মুখে।
তুলবো ফুল গাঁথবো মালা, দিবো মহি প্রিয়ার তরে,
ঘুরবো মোরা এদেশ বিদেশ, দেখবো জগৎ নতুন করে।
সবার শেষে আসবো ফিরে, স্বদেশ মায়ের ছোট্ট নীড়ে
সাজাবো স্বপ্ন চোখের আলো, সুখের স্মৃতি আবীর ঘিরে।
আকাশ বাতাস গগন তরে, ছাড়াবো খুসবু সবার ঘরে,
নদী হবো পাহাড় প্রাণে, মিলবো সাগর সলল তরে।
ঢেউয়ের তালে সুরে সুরে, দেখবো সাগর ঘুরে ঘুরে,
বিশ্ব মাঝে সূর্য হয়ে, আলো দিবো সবার ঘরে।
আমি হবো প্রজাপতি, সাত রঙ্গেরি আবির মেখে,
রূপ কথারি কলম হয়ে, আঁকবো ছবি যাবো লেখে।
আমি ভ্রমর হবো জগৎ কোলে, মধু খাবো দুলে দুলে,
গাছে গাছে উড়বো আমি, ঘুরবো সকল ফুলে ফুলে।
আমি গরীব দুখীর সুখ হতে চাই, ছোট্ট শিশুর হাসি
দুনিয়া মাঝে সবার হিতে, সবার তরে বলবো ভালোবাসি।
Comments (14)