প্রতিশ্রুতি পবিত্র প্রেমের
কোন এক চৈত্রের দুপুরে
গড়েরমাঠ পেড়িয়ে
ঝিলিম নদীর তীরে,
কাঠফাটা রোদ্দুকে সাক্ষী করে
কথা দিয়েছিলেম--
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
-
যেদিন পাবে না খোঁজে আমায়
তোমার নয়ন নীড়ে,
প্রেমডোর যায় যদি খুলে
হরেক প্রেমের ছলে,
নুয়ে পড়ে যদি আমাদের ছোট্ট কুটির
অজানা কালবৈশাখী ঝড়ে।
-
প্রিয়তম!
সেদিন যাব চলে চুপিসারে
এই নিবিড় বন্ধন ছিঁড়ে
মিশে যাব জনতার ভীড়ে,
থাকবেনা তুমি পাশে মোর
মুছবে না কেউ আঁখি লোর,
দু'টি মন যাবে দু'টি পথে
চড়বে কোন অজানা রথে
সাজবো সেদিন পুরাতন সাজে
শুধু রবে না সিঁদুর সিঁথির মাঝে।
মুক্ত করিয়া সকল বন্ধন পাশ
আঁখিজলে যুঝিবো না সর্বনাশ
মনে উঠে যদি সুখ স্মৃতির কোন অবকাশে,
ভালবাসা ছড়িয়ে দিব ঐ নীল আকাশে!
কথা দিয়েছিলেম ---
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে।
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
-
বহুক্রোশ দূরে,বহুপথ ঘুরে
মরিচীকার পিছে ছুটে
চকিতে ভ্রম যদি যায় টুটে
ফিরে যেও, ঝিলিম নদীর ঘাটে
ছোট্ট সেই শান্তির বাটে।
একাকী নীরবে নিভৃতে
যদি আমায় পড়ে মনে
চেয়ে দেখ আকাশপানে
রয়েছি বিহঙ্গের অবাধ বিচরণে
প্রেম মুক্তির বন্ধনে।
কথা দিয়েছিলেম--
বাঁধবো না তোমায় কোন প্রেমহীন বন্ধনে
এ প্রতিশ্রুতি পুত-পবিত্র প্রেমের।
Comments (3)