অবশেষে আমিও আয়না হয়ে তার দোষটাকে, তার নিজের চেহারার খুঁতকে দেখিয়ে দিলাম!
কী, বুঝলে না তো? হা হা হা, শোনো—যখন তোমাকে কেউ পেছন থেকে এসে ছুরি বসিয়ে দেবে, অথচ তুমি সেটা আগেই জানতে; অথবা তোমাকে কেউ তিলে তিলে হত্যা করছে আর তুমি চুপ আছ, মনে রেখো—তোমার চিৎকার তুমি কখনো তাকে শোনাবে না। সাবধান! মনে রেখো, ঘাতক কিন্তু চিৎকার শুনতেই অভ্যস্ত। চিৎকার শোনার জন্যই তার এত আক্রোশ, এত আয়োজন। তুমি যতই চিৎকার করবে, ততই সে আনন্দ পাবে।
তুমি কখনো সূর্যের আলোর মধ্যে আয়না ধরেছ? কী হয় সেখানে? তীব্র এক ঝলক আলো প্রতিফলিত হয়ে উল্টো অপরপক্ষের চোখকে ধাঁধিয়ে দেয়, তাই না? তুমি যখন আয়না হবে, তার জীবনেও ঠিক এই একই রকম কাণ্ড ঘটবে। আর যদি না জেনে থাকো, তাহলে এখনই পরীক্ষা করে দেখো—সূর্যের আলোয় আয়না ধরলে কী হয়!
বরং তুমি সেই তীব্র আলোর আয়না হও। বলো দেখি, আয়না কভু মুখে বলে দেয় কি—তোমার কোথায় দাগ রয়েছে? অথচ কিছু না বলেই তুমি জানতে পারো তোমার чеহারার কোথায় খুঁত আছে। সে যতই আঘাত করুক, তুমি চুপ থাকো। তোমার সামনে যখন সে মেকআপ করবে, নিজের আসল চেহারাটা ঢাকবে, তোমার দেখে কষ্ট হবে জানি। তুমি ভেঙে যাবে, কিন্তু একটা কথাও বলো না। তোমায় যেমন সে অবহেলায় রাখছে রাখুক; তুমি যত চিৎকার করে তাকে ঠিক করার চেষ্টা করবে, কোনো লাভ হবে না।
এখন তোমার মনে হতে পারে—যে মানুষটা আমাকে এত অত্যাচার করেছে, আমি তা মুখ বুজে দেখে যাব? এটা কি সম্ভব? আমি প্রতিশোধ নেবই, আমি দেখাব আমার আসল রূপ, আমি কখনো তাকে ক্ষমা করব না! কিন্তু দেখো, ওই যে বললাম—যতই চিৎকার, তার ততই আনন্দ! তুমি চুপ থাকো বা চিৎকার করো—সে কখনো এক চুল পরিমাণও ঠিক হবে না; মানুষের স্বভাব সহজে পরিবর্তন হয় না। তোমাকে ভাঙবে, তোমার চিৎকার শুনবে, তোমার চোখের পানি দেখবে—তবেই তার শান্তি।
আর তুমি যদি চুপ থাকো, বাকি কাজটা তার নিজের বিবেকই করে দেবে। যতই সে তোমার সামনে মেকআপ করে এসে দাঁড়াক না কেন, সে তো নিজে ভালো করেই জানে যে সে আসলে কেমন! আর যতই সে এখন রং-তামাশায় মেতে থাকুক না কেন, যখন চোখের পর্দা সরবে, তখন এই যে বললাম মেকআপ—সেটা আর কোনো কাজে আসবে না। তার বিবেক তাকে একটু একটু করে দংশন করবে তোমার কাছে ফিরে আসার জন্য। তোমায় আবার শক্ত করে চেপে ধরবে তার বুকে। কিন্তু সেটা আগের সেই মিথ্যা অভিনয় হবে না—তোমায় সত্যি পাওয়ার আশায়, তোমায় আবার নিজের আসল চেহারাটা দেখানোর জন্য সে ব্যাকুল হবে। কারণ, তুমি যে তার জীবনের সেই অমোঘ আয়না!
Comments (1)