জানতে পেলাম অকাল কালেই
নাকাল আমি মাকাল ফল,
মিষ্টি তাতে নেই তো কিছুই
পুরোটাতেই তেঁতো জল।
চোখেই কেবল লাগে ধাঁ- ধাঁ
রস বড় বেরসিক হায়!
একটি বার কেউ দেখলে চেখে
জীবনে তার আর কি খায়?
নাদুস্-নুদুস্ শরীরটা বেশ
দেখতে শুনতে মন্দ নই,
কেউ বলে ওই পলাশ-ফুল
রঙ আছে তোর গন্ধ কই!
কেউবা বলে ভাবখানা যেন্
লড়াই-ফেরত কুস্তিগীর,
লড়াইতো ছাই চরণ কাঁপে
দু'চার জনের দেখলে ভীড়।
কেউবা বলে ছেঁড়া ঢোল তুই
ভেতরটা তো শুধুই ফাঁকা,
ঘোড়ার ডিমে হিজি-বিজি
রঙ দিয়ে এক মুখোশ আঁকা।
আমি বলি করব কি ভাই
বিধির বিধি খন্ডানো দায়,
অসারে সার খুঁজছো কেন
ফেললে ছুঁড়ে কি আসে যায়??
Comments (10)