কত জনেই করে বড়াই বিদ্যা-বুদ্ধি জােড় নিয়ে
মগজ নাকি ভারী তাদের জ্ঞানে-গুণের ধন দিয়ে
যোগ বিয়োগের জট নাকি জলের মত সরল প্রায়
অনায়াসে দখল তাদের পূরণ-ভাগের তরল কায়
ব্যকরণের সকল কারন নখের ডগায় সদায় রয়
বিজ্ঞানের বিজ্ঞতা রস হাতের তালুয় নিত্য বয়
খানা-খন্দ ঘেঁটে ঘেঁটে কেটে ব্যাঙ আর আর্শোলা
কোন বারুদে কি জোর রয়, কোন রসদে হয় গোলা
কত আনায় মিলিতো চাল, কোন নবাবের আমলে
বগল তলে জমিয়ে রাখে পুঁথির পাতায় জাল ফেলে
কেউ কি কখন শুনেছো ভাই এমন গুনের কাহিনী
আজব হলেও সত্যি ভীষণ, মিছে তো আর রটেনি!
তার খ্যাতি ভাই দেশে দেশে, আজব গুণী সে মস্ত
আসল -নকল, সচল-বিকল, গন্ধ করে সে মুখস্ত
বন্ধ করে চোখ দু'খানি দিব্যি সে ভাই দেয় বলে
হাজার প্রকার গন্ধ নাকি সদায় রয় তার দখলে
করতে পরখ এসে লোকে প্রণাম ঠুঁকে যায় সরে
"ছি! কত বিচ্ছিরি বাস", দৌড়ে পালায় নাক ধরে।।
Comments (13)