দেয়ালের গা বেয়ে নামিতেছে বৃষ্টির জল
ফােঁটা ফোঁটা বৃষ্টির সর্পিল হাজারাে স্রোত
চুমিতেছে ভূমিতল,
গাছের পাতায় জাগিতেছে শীতের কাঁপন
স্বর-ভোলা পাখা ভেজা পাখিটার চোখে
--ঝিম আয়োজন।
কালো মেঘে ঢেকেছে আকাশের নীলাভ জমিন
ময়ূরী মেলিছে তার অপরূপা কলাপ রঙিণ,
শালিকের চঞ্চুঘাতে বিদীর্ণ ধরনীর প্রানে
বাজিতেছে বৃষ্টির বীণ।
হেলে-দুলে নেচে উঠে ঝুলে পরা পরগাছা লতা
হাওয়ার সাথে বলিছে যেন শতজনমের কথা
এসেছে শাওন দিন, উছলায় তার ভরা যৌবন
--এলো ঘন বর্ষণ।
দিগন্তের শেষে ভেসে ভেসে চলে উড়ো মেঘ
গুরু গুরু মুখরতা, ধরণীরে জানায় আবেগ
বুকের কাতর বানী শোনায় মাটির কানে
রিমঝিম শত আলাপন।।
Comments (12)