পথ ভুলে আজ এলাম তোমার মুসাফির খানায়
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়
আজ সাহারার গগণ তলে
উঠেছে চাঁদ আঁধার ভুলে
ফুটেছে গুল স্বপন-বাগে, নেশা মাখে বায়
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়।

এঁকেছে টিপ রূপালী চাঁদ আজকে মরুর ভালে
নাচছে হাওয়া বালির বুকে বাঁধার বসন খুলে
মখমলের ওই গালিচায়
তুফান তুলুক নুপুর দু'পায়
খোশ-দিলে আজ বান ডেকে যায়, দাওগো নেকাব খুলে
চুমুক্ এসে পথের ধূলি, রাত্রি উঠুক দুলে।

দাও পেয়ালায় শরাব ভরে বাঁজিয়ে কাঁকণ চুড়ি
আতসবাজীর ঝালর দোলাও মরুর অপ্সরী
ঘোমটা খোল, জুড়াই অাঁখি
শুন্য করে নেশার সাকী
স্বর্গটারে দাওগো হাতে, পোহায় বিভাবরী
আজ মুসাফির পথ ভুলে যাক্ নেশার এ পথ ধরি।

মউজ উঠেছে আজকে তোমার রঙিন জলসা ঘরে
লুটাক্ ধূলোয় রূপের শিখায় পতঙ্গ প্রান পুড়ে
বাজুক সানাই-সেতার-রবাব
জাগুক নিঁদেল বে-দিল শবাব
আতর-গোলাব-লোবান বাসে উদ্বেল হাওয়া জুড়ে
মধূর-রাগে উড়াও বানী মোহন মায়ার সুরে।

পান করে আজ সূরা-শরাব তোমার দরবারে
টুটাবো ঘায় বিষাদ-চূঁড়া নেশার তরবারে
কন্ঠে তোল সুর-লহড়ী
মরুর হাওয়া গগণ চিড়ি
আসুক নেমে স্বর্গপুরী তোমার কন্ঠ ধরে
আজ মুসাফির যাক্ হারিয়ে নতুন পথের ভীড়ে।