আরাফ। আমার বন্ধু। সবাই তাকে আরাফাত ডাকলেও পরিচয়ের প্রথম দিন থেকেই আমি তাকে "আরাফ" ডাকি। ক্লাসের সবাই সারাদিন একশো কথা বললেও আরাফ কারো সাথে কথা বলে না। নিজে থেকে মিশতেও চায় না। শুধু আমার সাথে তার খুব খাতির।
ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার পর আরাফের ভীষণ বড় অসুখ হয়েছিলো। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে বেঁচে ফিরেছে। কিন্তু আগের মতো আর কথা বলতে পারে না। মাঝে মাঝে একটু আধটু শব্দ করে কিছু বোঝাতে চেষ্টা করে।
আরাফের বাবা নেই। তার বয়স যখন আট বছর, তখন বাবা পাড়ার হয়ে ফুটবল খেলতে গিয়েছিলেন। মাথায় ভীষণ আঘাত পেয়েছিলেন। আর ফিরে আসেননি। তাই আরাফ আর তার মা এখন নানাবাড়িতে থাকে।
শতবর্ষী বটগাছ পেরিয়ে, সারি সারি নারিকেল গাছের পাশে ওই যে বাড়িটা, ওটাই তার নানাবাড়ি।
সবুজ ধানখেতের মাঝ দিয়ে লাল রঙের কাঁচা রাস্তা। রাস্তার শেষে উঁচু টিলা। সেই টিলার উপরেই আমাদের স্কুল। তিন দিকে টিলায় ঘেরা ছোট্ট একটুকরো ফুটবল মাঠ। প্রতিদিন বিকেলে আমরা সবাই সেখানে জড়ো হই।
খেলা মানেই হইচই! ম্যাচের উত্তেজনা নিয়ে আমার বাবার কানে কতো যে নালিশ গেছে, তার কোনো ইয়ত্তা নেই।
আরাফ চুপচাপ থাকলেও ফুটবলে তার দারুণ দখল। কথাটা সবাই না জানলেও আমি জানি। কিন্তু আরাফ কখনো মাঠে নামে না। মায়ের নিষেধ। তাই প্রতিদিন টিলার ধারে চুপটি করে দাঁড়িয়ে আমাদের খেলা দেখে।
একদিন জাতীয় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার আগে আরেকটা স্কুলের সাথে আমাদের প্রীতি ম্যাচ পড়লো। এবার দলের অধিনায়ক আমি! ক্রীড়া শিক্ষক বিপুল স্যারের পরামর্শে দল সাজালাম। আরাফকেও খেলতে বলেছিলাম। কিন্তু সে রাজি হলো না।
আমাদের দল ছিলো এমন:
গোলপোস্টে গ্লাভস হাতে মারজান। ডিফেন্সে রূপম, রিহান, অয়ন আর সাইফ। মাঝমাঠে আমি, সামিন, রাহাত আর জাকারিয়া। সামনে বিজয় আর দীপন।
আমাদের স্কুল এই দলের সাথে কোনোদিন হারেনি। প্রীতি ম্যাচ হলেও খেলাটা তাই খুব জরুরি।
বৃহস্পতিবার টিফিনের পর টিলার উপরে স্কুলমাঠে শুরু হলো ম্যাচ। দশ মিনিট যেতে না যেতেই ওরা গোল দিয়ে দিলো! হাফটাইমের ঠিক আগে আরেকটা! এরই মাঝে দীপনও পায়ে চোট পেলো। সে আর ঠিকমতো দৌড়াতে পারছে না।
মাঠের চারপাশে শত শত সহপাঠী, স্যার-ম্যাডামরা দাঁড়িয়ে। সবার মুখ ভার। বিপুল স্যার আমার কাঁধে হাত রেখে বললেন,
"সমস্যা নাই। প্রীতি ম্যাচ। সবাই ঠিকমতো পজিশন ধরে খেলো।"
আমি চুপ করে ভাবছিলাম, আর বারবার আরাফের দিকে তাকাচ্ছিলাম।
কেউ না বুঝলেও আরাফ আমার চোখের ভাষা বুঝলো। আমি বিপুল স্যারের কাছে গিয়ে বদলি খেলোয়াড়ের অনুমতি চাইলাম। স্যার বললেন,
"দেখো আদনান, ম্যাচ জিততে হবে। যেটা ভালো মনে করো, সেটাই করো। আমার আপত্তি নাই। তবে আরাফাতকে তো কখনো খেলতে দেখি নাই।"
"স্যার, আপনি শুধু অনুমতি দেন।"
বিপুল স্যার মাথা নাড়লেন।
আরাফ তাড়াহুড়ো করে বুট আর জার্সি পরে মাঠে নামলো। সবাই হো হো করে হেসে উঠলো। আরাফ আমার দিকে আরেকবার তাকিয়ে নিজের পজিশনে চলে গেলো।
দ্বিতীয়ার্ধ শুরু। আমরা বারবার আক্রমণ করছি, কিন্তু গোল আর হয় না। হাতে মোটে পনেরো মিনিট। মাঝমাঠ থেকে বল নিয়ে আমি বাড়িয়ে দিলাম আরাফের দিকে।
একজন, দুইজন, তিনজন! সবাইকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট। বল সোজা জালে!
কিন্তু কেউ চিৎকার করলো না। পুরো মাঠ চুপ। একদম চুপ।
তারপর মাইকে ধারাভাষ্যকার শ্যামল স্যার বলে উঠলেন,
"আরাফাত আমাদের নতুন চমক!"
একটু পরেই ডান দিক থেকে আরেকটা বল পেলো আরাফ। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শট! গোলকিপার বোকা বনে গেলো। আরেকটি গোল! এবার পুরো মাঠ ফেটে পড়লো,
"আরাফাত! আরাফাত!"
আরাফ আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ২-২ সমতা।
যেকোনো সময় শেষ বাঁশি বেজে উঠতে পারে। ডিফেন্স থেকে বল আমার কাছে এলো। আমি একটুও না রেখে পাস দিলাম আরাফকে। আরাফ সময় নষ্ট না করে চার-পাঁচজনকে কাটিয়ে ছুটলো। মাঠের চারপাশের উত্তেজনায় সে যেনো আরো একবার শরীরে শক্তি ফিরে পেলো। বাঁ পায়ের আলতো ছোঁয়ায় বল ঢুকলো জালে! ৩-২! আমরা এগিয়ে!
রেফারির লম্বা বাঁশি বাজতেই সবাই দৌড়ে ঢুকে পড়লো মাঠে। আমরা সবাই আরাফকে কোলে তুলে মাথার উপরে শূন্যে উড়াতে লাগলাম। হৈ-হুল্লোড়ে সবাই মেতে উঠলো। শুধু আরাফের চোখ ছলছল করছে।
আমি আরাফের ঠোঁটের দিকে তাকালাম। কেউ শুনতে না পেলেও, আরাফ যে তার বাবাকে ডাকছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারলাম।

Comments (0)
No comments yet. Be the first to comment.