কানামাছি ভোঁ ভোঁ খেলছ কি কেউ তোমরা?
সখের ঘরে বৌ-জামাই, পুলিশ-পুলিশ, ঘোমড়া।
লুকুচুরি, ডাংগুটি আর ইতল-বিতল-লংকা,
সাতচাঁক্কি, নাদুস নুদুস, মাংস চুরির ডংকা।
খেলছ কি কেউ ভরদুপুরে জাম্বুরার ফুটবল?
ব্যাগ পেঁচিয়ে বল মোড়ানো, পাক্কা ক্রিকেট দল।
নাটাই হাতে রোজ বিকেলে সাদা মেঘের ভেলায়,
সাতরঙায় আকাশ হেলে স্বপ্নঘুড়ির মেলায়।
পাড়ায় পাড়ায় করত সফর ব্রাজিল-আর্জেন্টিনা,
কেউ হতো পেলে-মেসি, কেউ বা ম্যারাডোনা।
মারবেল, লেংড়া দৌড় কিংবা দড়ি টান,
ছুটির দিনে রোজ বিকেলে জমত রঙের গান।
নারকেলের চশমা চোখে, হাতে পাতার ঘড়ি,
মাথায় টুপি গোলপাতার, দাড়ির কড়াকড়ি।
আদুল গায়ে ছানার খোঁজে কেলাস ফাঁকি দিয়ে,
বিলের জলে হিঙ্গাইর খোঁজা, আরও পুতুল বিয়ে।
গাঙের জলে সাঁতরে যাওয়া কিংবা বাঁশিওয়ালা,
শাপলা ডগায় ফুল বিছিয়ে গাঁথতাম হরেক মালা।
দিনের শেষে সন্ধ্যা হলেই মনে ভীষণ ভয়,
আল্লাহ মালুম, ডান্ডাবাড়ি কেমন জানি হয়!
তোমরা কি কেউ মার খেয়েছ বাবা কিংবা মায়ের?
দাদির আদর, খামছে ধরা—সাত ভাই চম্পার!
আর কত কী কিচ্ছা আছে, শেষ হবে না ভাই,
আজকে না হয় পড়তে বসি, হাতেও সময় নাই!
Comments (24)